Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি সিগবাতুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের মাধ্যমে নুরুল ইসলাম সাদ্দামকে সভাপতি নির্বাচন করা হয়। পরে শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগাকে সেক্রেটারি পদে মনোনয়ন দেন।

জানা গেছে, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম দলটির সর্বশেষ সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। অপরদিকে সিবগাতুল্লাহ সিবগা বিদায়ি সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের স্থলাভিষিক্ত হবেন।

বিজ্ঞাপন

সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দফতর সম্পাদক ছিলেন। এর আগে তিনি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ক্রমান্বয়ে কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ আরও দুটি সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম খুলনার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা। শিক্ষাজীবনে তিনি খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের অধীনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত। তার শিক্ষাগত পটভূমি ও সংগঠনিক অভিজ্ঞতা তাকে একজন তাত্ত্বিক ও বাস্তবভিত্তিক ছাত্রনেতা হিসেবে পরিচিত করেছে।

অপরদিকে সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায়। তাঁর বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সাবেক আমির। জুলাই গণঅভ্যুত্থানের পর সিবগাতুল্লাহ আলোচনায় আসেন, যখন তাঁর ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হওয়ার পরিচয় সামনে আসে। সে সময় তিনি সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর