Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাক ছিল কিনা খতিয়ে দেখছে ডিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিট-এর জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ।

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জনান।

হারুন অর রশীদ বলেন, ‘ডা. শফিকুর রহমানের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি। এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কিভাবে হ্যাক করেছে, তা তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, জিডির প্রেক্ষিতে ডিবি সাইবার টিম গুরুত্ব দিয়ে কাজ করছে বিষয়টি নিয়ে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম শনিবার রাতে বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।

বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

দ্রুততম সময়ে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হলেও ততক্ষণে বিভিন্ন প্ল্যাটফর্মে তা নিয়ে অপপ্রচার শুরু হয় বলেও জানান তিনি। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর