Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ২৩:৩৯

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকা-১৫ আসনের বাড়ির মালিক সমিতির নেতাদের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনি এলাকার জনগণের পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করা হবে। তিনি এই অঞ্চলের সব সমস্যা সমাধানকল্পে জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দেন।

সোমবার (১১ মে) রাতে স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে ভুক্তভোগী এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে তিনি এসব কথা বলেন।

মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর,কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতা এবং উপস্থিত ভুক্তভোগী জনগণ বলেন, পানির তীব্র সংকটে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্য দিনের গোসল, প্রাকৃতিক প্রয়োজন মিটানোর মতো পানীয়ও আমরা পাচ্ছি না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বার্থান্বেষী মহলের হীনউদ্দেশ্য সাধনের জন্য এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তাদের বক্তব্যের জবাবে জামায়াত আমির বলেন, ‘পানির সংকট সমাধানের জন্য আমি এরই মধ্যে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছি। এই এলাকার পানি সংকটের বিষয়টি আমি জাতীয় সংসদে উত্থাপন করলে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।’

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

মতবিনিময় সভায় মনিপুর এলাকা থেকে অংশ নেন- পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা আল মামুন, ইব্রাহিমপুর প্রাইমারি স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমান প্রমুখ।