ঢাকা: ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারকালে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও এ আসনের দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, যাদের জনগণের মধ্যে কোনো অবস্থান নেই এবং যারা অতীতেও ভোট পায়নি, ভবিষ্যতেও পাবে না। তারাই নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকে বিএনপির বিরুদ্ধে আবোলতাবোল বক্তব্য দিচ্ছে।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা- ১৭ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারের সময় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, নির্বাচন সামনে এলেই যারা বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখনই তারা বিএনপি ও দলের নেতা তারেক রহমানকে ঠেকাতে নানা ধরনের অপপ্রচার শুরু করে। কেউ কেউ দাবি করছে, ঢাকার সব আসন তারা দখল করে নিয়েছে এবং বিএনপি একটি আসনও পাবে না। এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
তিনি বলেন, অতীত ইতিহাসই প্রমাণ করে জনগণ কাকে ভোট দিয়েছে। যারা বিএনপির সঙ্গে ছিল, তারা জামানত রক্ষা করেছে, আর যারা বিএনপির বাইরে ছিল, তারা জামানত হারিয়েছে। ঢাকা শহরে অতীতেও বিএনপি সব আসনে বিজয়ী হয়েছে।
নির্বাচনি বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, অনেক সময় এমন প্রার্থীও দেখা যায় যারা শত ভোটও পায় না, অথচ বিপুল ভোটে জয়ের দাবি করে। তবে জনগণ জানে কাকে নির্বাচিত করতে হবে।
দেশের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে আবদুস সালাম বলেন, সংকটকালে এ দেশের মানুষ সব সময় সঠিক নেতৃত্ব বেছে নিয়েছে। দেশের ক্রান্তিকালে জনগণ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নেতা বানিয়েছিল। তিনি জনগণের সমর্থন নিয়েই রাষ্ট্রক্ষমতায় এসে দেশের ভাগ্য পরিবর্তন করেছিলেন। পরবর্তীতে গণতন্ত্র সংকটে পড়লে জনগণ বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ছে, বেকারত্ব বাড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান দুর্বল হচ্ছে। এ অবস্থায় দেশের মানুষ মনে করছে, আবারও একজন যোগ্য নেতা প্রয়োজন, আর সেই নেতা হিসেবে তারা তারেক রহমানকেই বেছে নিয়েছে।
তিনি দাবি করেন, তারেক রহমান জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এবং ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে তার প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যাচ্ছে।
ঢাকা-১৭ আসনের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, ভাষানটেক ও কড়াইল এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত নাজুক।
রাজধানীর এমন চিত্র দুঃখজনক বলে মন্তব্য করে তিনি বলেন, এসব এলাকার মানুষ গ্যাস, পানি, সড়ক ও পরিচ্ছন্নতার উন্নয়ন চায়।
তিনি আরও বলেন, একটি নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধির মাধ্যমেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব। এ বিশ্বাস থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার মানুষ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী।