রংপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘‘বিএনপি প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে ‘না’ ভোটের পক্ষে কাজ করছে। একইসঙ্গে তিনি জাতীয় পার্টিকে ‘ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা’ আখ্যা দিয়ে বলেন, ‘এই জাতীয় পার্টি মৃত। আগামী ১২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের দাফন সম্পন্ন করতে হবে।”
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনসিপির সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আখতার হোসেনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ভোটের আগের দিন যারা শাড়ি, লুঙ্গি, টাকা নিয়ে আসবে, তাদের প্রত্যাখ্যান করতে হবে। ভোটকেন্দ্রে যাওয়ার জন্য যদি কোনো ভোটার প্রার্থীর কাছ থেকে রিকশা বা সিএনজি ভাড়া নেয়, তাহলে একদিনের গোলামির জন্য আগামী ৫ বছর ভোগাবে। তাই আগামী ১০ দিন আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী ৫ বছর জনগণের গোলাম হয়ে থাকব।”
উল্লেখ্য, আখতার হোসেন রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের (এনসিপি-জামায়াতসহ) প্রার্থী। জামায়াতের প্রার্থী এটিএম আজম খান জোটের সিদ্ধান্তে আসনটি ছেড়ে দিয়ে আখতার হোসেনকে সমর্থন জানিয়েছেন।