ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির এই নির্বাচনি ইশতেহার বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় নিয়ে আসবে এবং সমগ্র জাতি আজ সেই আশাতেই উন্মুখ হয়ে আছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত বিএনপির নির্বাচনি ইশতেহার উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অনেক ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে দেশ আজ একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তে তিনি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাকে ‘গণতন্ত্রের মাতা’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার যে অবদান, জাতি তা চিরদিন স্মরণে রাখবে।
একইসঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান দেশে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর সূচনা করেছিলেন এবং সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
দলের ভবিষ্যৎ নেতৃত্বের বিষয়ে মির্জা ফখরুল জানান, বিএনপি আজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানকে একজন তরুণ, সৃজনশীল ও দূরদর্শী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান জটিল ভূ-রাজনৈতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান জাতির সামনে নতুন বার্তা নিয়ে আসছেন। তার নেতৃত্বেই বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যের শেষে মির্জা ফখরুল দেশবাসীকে এই নতুন নেতৃত্বের হাত ধরে ঐক্যবদ্ধ হওয়ার এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে দলের ঊর্ধ্বতন নেতারা এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।