ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর সংবিধান সংশোধনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তৈরি বুথ থেকে এ প্রচার চালানো হয়। বুথ থেকে লিফলেট বিতরণ, হ্যাঁ ভোটের পক্ষে সুবিধা এবং রাষ্ট্র সংস্কারে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়৷
এ বিষয়ে জকসু’র জিএস আব্দুল আলিম আরিফ বলেন, ‘আমরা সবাই অবগত আছি যে, আসন্ন নির্বাচনে অন্যতম একটা বিষয় হচ্ছে, গণভোটে হ্যাঁ কে জয় করা। সচেতনতামূলক ক্যাম্পেইন হিসেবে রাষ্ট্রের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, ছাত্রসংগঠন ক্যাম্পেইন করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে জুলাই সনদের এবং হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছি। এবং আমরা শিক্ষার্থীদের সচেতনতার পাশাপাশি প্রভাবক হিসেবে প্রভাবিত করছি তারাও যাতে নিজ এলাকায় গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে পারে, জনতম সৃষ্টি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘সবাই যাতে সংস্কারের পক্ষে থাকে এজন্য আজ আমাদের এ আয়োজন। এর আগেও আমরা ক্যাম্পেইনে কথা বলেছি। আজ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পেইনে জুলাই সনদের বই গিফটসহ লিফলেট বিতরণ করছি।’