ঢাকা: বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে প্রত্যেক মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সে লক্ষ্যেই বিএনপি নীতি ও কর্মসূচি গ্রহণ করবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখের নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচন নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের দিকনির্দেশনা নির্ধারণের নির্বাচন।’ তিনি বলেন, ‘গত প্রায় ১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। এসব অধিকার পুনরুদ্ধারে বহু মানুষ জীবন দিয়েছেন, গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।’
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই ত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে ভোটাধিকারকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে।’
ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলির প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে গুম-খুন ও নির্যাতনের রাজনীতির বিরুদ্ধে দেশে-বিদেশে সোচ্চার ভূমিকা রেখেছেন। তার পরিবারও স্বৈরাচারী শাসনের নির্যাতনের শিকার হয়েছে, ফলে তিনি মানুষের দুঃখ-কষ্ট গভীরভাবে বোঝেন।’
নারীদের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের উন্নয়ন ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করবে, যার মাধ্যমে খেটে খাওয়া পরিবারের গৃহিণীরা মাসিক আর্থিক সহায়তা পাবেন।”
কৃষকদের বিষয়ে তিনি বলেন, ‘কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। বিএনপি সরকার গঠন করতে পারলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।’ পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও আইটি প্রশিক্ষণ, প্রবাসী কর্মীদের জন্য স্বল্প সুদের ঋণ এবং সার্বজনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি।
ঢাকা-১৪ আসনের গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে তুরাগ নদীর ওপর একটি সেতু নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে দ্রুত এই সেতু নির্মাণ করা হবে।’ বিগত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে লুটপাটের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে জনগণের কল্যাণে, কোনো গোষ্ঠীর পকেট ভরানোর জন্য নয়।’ ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ যেন আর ভোট ডাকাতি করতে না পারে।’
জনসভায় তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে জুলাই শহিদদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা মহানগর (পশ্চিম) ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।