Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারে গেলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজকে ধানের শীষ তুলে দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়বে বিএনপি। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, এমন বাংলাদেশ গড়া হবে যেখানে নারীরা দিন কিংবা রাত যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মোহাম্মদপুরের শ্যামলী মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তরুণদের কর্মসংস্থান ও বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে ভোকেশনাল, আইটি ও বিভিন্ন কারিগরি শিক্ষা দেওয়া হবে। এর মাধ্যমে তরুণরা দেশে যেমন চাকরি ও ব্যবসার সুযোগ পাবে, তেমনি বিদেশেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে আর্থিক সংকটের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেক সময় প্রবাসে যেতে গিয়ে মানুষকে জমি বা সম্পদ বিক্রি করতে হয়। এই সমস্যা সমাধানে প্রশিক্ষণ সম্পন্ন করা তরুণদের স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে, যাতে তারা সম্পদ বিক্রি না করেই বিদেশে যেতে পারে। পরে আয় থেকে ধীরে ধীরে সেই ঋণ পরিশোধ করা যাবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। রাস্তাঘাট নিরাপদ করা হবে, যাতে মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে চলাচল করতে পারে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনতে পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়।

স্বাস্থ্য খাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। শহর ও গ্রামে এসব স্বাস্থ্যকর্মী কাজ করবেন। বিশেষ করে নারী ও শিশুরা, যারা হাসপাতালে যেতে পারেন না, তারা ঘরে বসেই প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন।

জনসভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। এতে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আতাউর রহমান ঢালি, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র প্রার্থী তাবিত আউয়ালসহ স্থানীয় বিএনপির নেতারা।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

দোহারে গরুর দৌড় [ছবি]
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬

আরো

সম্পর্কিত খবর