ঢাকা: সোমবার রাজধানীর একাধিক নির্বাচনি আসনে পথসভায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচির শুরু হবে সকালে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে।
এরপর দুপুর ১২টার পর ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এবং দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোডে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।
দুপুর ২টায় ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। বিকেল ৩টায় তিনি উপস্থিত হবেন ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহিদ ফারুক রোডের জনসভায়। পরে বিকেল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোডে এবং বিকেল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে (সাবেক আজাদ মাঠ) বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।
দলীয় নেতারা জানান, এসব জনসভায় তারেক রহমান দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বিএনপির নির্বাচনি অঙ্গীকার তুলে ধরবেন। পাশাপাশি তিনি আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে জনগণের প্রতি আহ্বান জানাবেন।