ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যার হাতে রয়েছে দেশ গড়ার সুসংহত ও বাস্তবভিত্তিক পরিকল্পনা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পালা।
তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই বিএনপি ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্য একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে, যা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে বাস্তবায়ন করা হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এ ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে নারীদের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের বেকার যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনতে আইটি প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি কর্মশালার ব্যবস্থা করা হবে, যাতে তারা দেশের ভেতরেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তুলে স্বাবলম্বী হতে পারে। সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির, যাতে প্রাথমিকভাবে ঘরে বসেই সাধারণ মানুষ চিকিৎসাসেবা পেতে পারে।
তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে নারী ও পুরুষ নির্বিঘ্নে ও নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে, মানুষ নিশ্চিন্তে ব্যবসা-বাণিজ্য করতে পারবে।
ঢাকা-১৭ আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই এলাকায় বায়ুদূষণ ও যানজট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে এসব সমস্যা সমাধান সম্ভব।
এ সময় মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই ত্যাগের মর্যাদা রক্ষা করে দেশকে নতুনভাবে পুনর্গঠন করাই আজকের প্রজন্মের দায়িত্ব।
তিনি বলেন, বিএনপির অভিজ্ঞতা আছে, রেকর্ড আছে, কীভাবে দেশ পুনর্গঠন করতে হয়।
এদিন ধারাবাহিক নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ি শহিদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোড, ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠ এবং দিনের শেষ কর্মসূচি হিসেবে ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন।