Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিজ্ঞতার ভিত্তিতেই বিএনপি আবার দায়িত্ব নিতে প্রস্তুত: তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপির হাতেই রয়েছে। দেশের মানুষ ও রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের অভিজ্ঞতাও বিএনপির রয়েছে। সে অভিজ্ঞতার ভিত্তিতেই বিএনপি আবার দায়িত্ব নিতে প্রস্তুত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা ৮ আসনে নির্বাচনি এলাকার পীর জঙ্গি মাজার রোড মাঠে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, মেগা প্রকল্পের নামে দেশে মেগা দুর্নীতি হয়েছে। এসব প্রকল্পে গুটিকয়েক মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। তা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। জনগণের করের টাকা ব্যবহার করে বড় বড় প্রকল্প করা হলেও সাধারণ মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার মতো মৌলিক চাহিদা উপেক্ষিত থেকেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের নামে লুটপাট নয়, জনগণের বাস্তব প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে।

বেকারত্ব সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে প্রায় এক কোটি বেকার যুবক রয়েছে। বিএনপি সরকার গঠন করলে ভোকেশনাল ও ট্রেনিং ইনস্টিটিউট সম্প্রসারণসহ দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তরুণরা নিজেরাই বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।

বিদেশে কর্মসংস্থানের বিষয়ে তারেক রহমান বলেন, বিদেশে যেতে গিয়ে আর কাউকে বাপ-দাদার জমি বিক্রি করতে হবে না। বিএনপি সরকার ক্ষুদ্র ঋণের মাধ্যমে বিদেশে যাওয়ার ব্যবস্থা করবে, যাতে পরিবারের ভিটেমাটি রক্ষা পায়।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকার কৃষিঋণ দেওয়া হবে এবং সেই ঋণের সুদসহ সম্পূর্ণ টাকা সরকার পরিশোধ করবে। এতে কৃষকরা আরও উৎসাহিত হবে এবং কৃষিখাতে উৎপাদন বাড়বে।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাতে মানুষ ঘরে বসেই প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারে। এর ফলে গ্রাম ও শহরের স্বাস্থ্যসেবার বৈষম্য কমবে।

নারী নিরাপত্তা নিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে মা-বোনেরা দিনের যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে এবং মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, এলাকার সমস্যার সমাধান এলাকার মানুষই সবচেয়ে ভালোভাবে করতে পারে। বাইরে থেকে এসে কেউ কোনো এলাকার প্রকৃত উন্নয়ন করতে পারে না। তাই আগামী নির্বাচনে সঠিক ও পরীক্ষিত নেতৃত্বকে বেছে নিতে হবে।

পরে, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে বিএনপির জন্য ভোট চান তারেক রহমান।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর