ঢাকা: একটি রাজনৈতিক দলের কিছু লোক মা-বোনদের বায়বীয় প্রতিশ্রুতি দিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করে প্রতারণার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এসব অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। তা না হলে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আবারও হুমকির মুখে পড়তে পারে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বিএনপির নির্বাচনি প্রচারণামূলক এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমানে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যাদের নারীদের স্বাবলম্বী করার সুপরিকল্পিত কর্মসূচি রয়েছে। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জন্য নির্দিষ্ট পরিকল্পনাও দলের রয়েছে।
তিনি দাবি করেন, দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই দলটি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে প্রস্তুত। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, এটি ১৯৭১ ও ২০২৪ সালের শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার নির্বাচন। যাদের দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, জনগণ যেন সেই দলকেই নির্বাচিত করে।
নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে তারেক রহমান আরও বলেন, ইতোমধ্যে কিছু ব্যক্তি নকল সিল তৈরির সময় ধরা পড়েছে। তারা সরল মানুষের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর নিয়ে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।