ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিনভর ধারাবাহিক জনসভা শেষে বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় অংশ নেন তিনি। কর্মসূচি শুরু হয় সকালে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে।
এর পর পর্যায়ক্রমে তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোড এবং ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে (সাবেক আজাদ মাঠ) অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় অংশ নেন তারেক রহমান। ওই জনসভা শেষ করে রাত আনুমানিক ১১টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান।
তারেক রহমান বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতা থেকে শুরু করে স্থানীয় কর্মীরা। আবেগঘন পরিবেশে নীরবে কিছু সময় অতিবাহিত করেন তিনি।
নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা ও অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন।