ঢাকা: দেশের শীর্ষ আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন’- এমন সংবাদের প্রতিক্রিয়ায় তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী’র পাঠানো এক বার্তায় এমন তথ্য জানানো হয়।
এক বার্তায় তারেক রহমান বলেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম-ওলামাদের এ অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সঠিক দিকনির্দেশনা পাবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান।
ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তিনি দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন।