Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট ইঞ্জিনিয়ারিং ব্যর্থ, জয় জনগণের: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩

নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী ব্যাপক ‘ভোট ইঞ্জিনিয়ারিং’ করেও জনগণের রায় পরিবর্তন করতে পারেনি। সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে, জয় শেষ পর্যন্ত জনগণেরই হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি ফলাফল বিশ্লেষণ করে মির্জা আব্বাস দাবি করে বলেন, নির্বাচনে অসংখ্য ব্যালট অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। একটি গোষ্ঠী সুকৌশলে জনগণের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। কিন্তু জনজোয়ারের কাছে সেই ইঞ্জিনিয়ারিং শেষ পর্যন্ত টেকেনি।

বিজ্ঞাপন

ঢাকা-৮ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী-এর প্রাপ্ত ভোট নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যাদের তেমন কোনো জনভিত্তি নেই, তারা কীভাবে এত ভোট পেল, এটা তদন্ত হওয়া উচিত। এতে বোঝা যায় পর্দার আড়ালে কারসাজির চেষ্টা ছিল।

পুনরায় ভোট গণনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। তবে পুনঃগণনা বা এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। কমিশন চাইলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

দীর্ঘদিন পর দলের নিরঙ্কুশ বিজয়ে নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, এখন সময় দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর