Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সহযোগিতা চাইলেন আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২

চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মী ও নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছায় সিক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দেশ পরিচালনার রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, ‘আমরা একে শুধু বিজয় বলছি না, বরং জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখছি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করতে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ গঠনই তাদের লক্ষ্য।’ পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, ‘গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও আপনাদের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন সময়ে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সকলে নিরলসভাবে কাজ করেছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ।’

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিউল আলম পেয়েছেন ৭৭ হাজার ৯১৬ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

‎নির্বাচনে জয়শূন্য ৪২ দল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬

আরো

সম্পর্কিত খবর