ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিরপুর-কাফরুল হবে অংশগ্রহণমূলক উন্নয়নের একটি মডেল। যেখানে প্রত্যেক নাগরিকের মতামত ও সহযোগিতা মূল্যবান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ নির্বাচনি এলাকার ব্যানার ফেস্টুন পরিষ্কার করার ছবি ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনি এসব কথা বলেন।

ওই পোস্টে তিনি লেখেন, ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) সংসদীয় আসনের সচেতন, দায়িত্বশীল ও প্রিয় জনগণের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা, সমর্থন ও আস্থাই আমার চলার পথকে শক্তিশালী করে।
এ আসনের একজন জনপ্রতিনিধি হিসেবে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মিরপুর ও কাফরুলের সার্বিক উন্নয়নই আমার মূল লক্ষ্য। একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে আমি সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করতে চাই। নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
মিরপুর-কাফরুল হবে অংশগ্রহণমূলক উন্নয়নের একটি মডেল। যেখানে প্রত্যেক নাগরিকের মতামত ও সহযোগিতা মূল্যবান।
আসুন- বিভাজন নয়, ঐক্যকে শক্তি করে আমরা আমাদের প্রিয় এলাকাকে এগিয়ে নিয়ে যাই। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের প্রতি সহায় হোন। আমিন।