ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাস বলেছেন, কথায় কথায় সংসদ থেকে পদত্যাগের কথা বলা দেশ ধ্বংসের শামিল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, গণতান্ত্রিক ধারা মেনে চলা সবার উচিত। যেকোনো দাবি বা দ্বিমত থাকলে তা সংসদের ভেতরেই উত্থাপন করা প্রয়োজন।
সংসদ বর্জন বা পদত্যাগের সংস্কৃতি দেশের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, “না মানলেই আমরা পদত্যাগ করব— এই মনোভাব দেশ ধ্বংসের শামিল।”
এর আগে, বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির অন্যান্য সদস্যদের সঙ্গে শপথ নেন মির্জা আব্বাস। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
শপথ গ্রহণ শেষে তিনি আরও জানান, জনগণের রায়কে সম্মান জানাতেই তারা সংসদে এসেছেন এবং জনগণের পক্ষে কথা বলাই তাদের মূল লক্ষ্য। কার্যকর সংসদ গঠনে তিনি সকল সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা রয়েছে।