ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টার লাগানোর প্রতিবাদে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা।
এ ঘটনায় প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন ডাকসুর নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, ‘যারা ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে ক্যাম্পাসে পোস্টার লাগানোর সাহস পায়? আমরা প্রক্টরকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি সিসিটিভি ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্ত করার জন্য।’
এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের মধুর ক্যান্টিন, কেন্দ্রীয় লাইব্রেরি, কেন্দ্রীয় মসজিদ, কলাভবন সংলগ্ন শ্যাডো, ডাকসু ক্যাফেটেরিয়া, সমাজবিজ্ঞান চত্বর, চারুকলা, হাকিম চত্বর, শামসুন্নাহার হল, কার্জন হল ও জগন্নাথ হলের দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’ লেখা পোস্টার দেখা যায়।
আর রাতে সাঁটানো পোস্টারগুলো নিয়ে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন।