ঢাকা: প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগের ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা প্রথম আলো নিয়েছে, তা একটি জীবন্ত জাদুঘরের মতো।’ তিনি বলেন, ‘সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি প্রগতির অগ্রযাত্রা থামাতে চাইলেও ইতিহাস সাক্ষ্য দেয়— তারা কখনও সফল হয়নি।’
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শুরু থেকেই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তোলা হয়েছিল উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন।’
সালাহউদ্দিন বলেন, ‘তদন্তের দায়িত্ব আমাদের, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। আমরা তদন্ত সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি, আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সারা পৃথিবীতে ভুল বার্তা গেছে যে, বাংলাদেশে গণমাধ্যমের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আমরা বিশ্বকে উল্টো বার্তা দিতে চাই— বাংলাদেশে প্রগতির পথ কেউ থামাতে পারবে না।’
নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।’
এ সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার এবং ডিবির অতিরিক্ত কমিশনারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।