ঢাকা: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে যে হামলা চালিয়েছে তা শান্তিকামী সকল মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে।
রোববার (১ মার্চ) যোহর নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের ফের বহিপ্রকাশ ঘটিয়েছে। কোনো স্বাধীন রাষ্ট্রের ওপর হামলা আমরা মেনে নিতে পারি না। ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ।
তিনি আরও বলেন, আমরা এই মুহূর্তেই ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। শান্তিকামী বিশ্বকে আহ্বান করছি ইরানের পাশে দাঁড়ানোর জন্য। আরব দেশের জনগণকে আহ্বান করছি মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে গর্জে উঠার জন্য। মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্টকারী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য।
‘আমরা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছি, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ইরানে এই হামলার বিরুদ্ধে প্রস্তাব আনতে হবে এবং মার্কিন ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানাতে হবে।’
খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকারের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমদ প্রমুখ। সমাবেশ শেষে উত্তর গেট হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।