Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এমপি শাহ আলমের জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
১ মার্চ ২০২৬ ১৯:১৩ | আপডেট: ১ মার্চ ২০২৬ ২২:১৬

সাবেক সংসদ সদস্য শাহ আলম – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রাজধানীর রমনায় একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহ আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা হক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রমনা মডেল থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিতে গেলে স্থানীয়দের মাধ্যমে আটক হয়ে তিনি পুলিশের হেফাজতে আসেন। তার বিরুদ্ধে পূর্ববর্তী সময়ের কিছু অভিযোগ ও মামলার তথ্য যাচাই করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

বিজ্ঞাপন

শুনানিকালে আসামিপক্ষ জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জানায়, তার অতীত কার্যক্রম ও সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বিভিন্ন থানায় তার রেকর্ড পরীক্ষা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন বলে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ৭৮ বছর বয়সী শাহ আলম নবম জাতীয় সংসদের পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। গ্রেপ্তারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন আদালতে হাজির করা হয়। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।