Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে সুক্ষ্ম কারচুপি হয়েছে: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ২২:২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে সুক্ষ্ম কারচুপির পরও জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফলাফল মেনে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, জামায়াতে ইসলামী সংঘাত-সহিংসতা চায় না, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়।

সোমবার (২ মার্চ) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কর্তৃক আয়েজিত যাকাত ও রমাদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীর লক্ষ্য হচ্ছে সরকার দল ও বিরোধীদল সমন্বিতভাবে একে অপরকে সহযোগিতার মাধ্যমে এক নতুন ব্যবস্থার রাজনীতি গড়ে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু নির্বাচন পরবর্তী সরকার দলীয় নেতাকর্মীরা সারাদেশে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালাচ্ছে। জামায়াতের নেতাকর্মীদের এমনকি ভোটারদেরও বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ চালিয়ে আসছে। এত সহিংসতার পরও জামায়াতে ইসলামী পালটা জবাব না দিয়ে সংযত থেকে সরকারকে বারবার সহিংসতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহ্বান জানিয়ে আসছে। সরকার নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হতে পারে। তাই সরকারকে এখনোই কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সুপ্রিম কোর্ট বার ইউনিট সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন মিন্টু, ল’ইয়ার্স কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, কেন্দ্রীয় সহ-সম্পাদক অ্যাডভোকেট আবুল বাতেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর