Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েত-বাহরাইন-আমিরাত-কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ২২:২০ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ০৯:৫০

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফাইল ছবি

ঢাকা: কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল আহমেদ আল সাবাহ, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি ও সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান এবং কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

সোমবার (২ মার্চ) বিকেলে তিনি চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে টেলিফোনে চলমান সংকট ও বাংলাদেশি অভিবাসীদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এদিন রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের নিজ নিজ দেশে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারা বাংলাদেশ ও তাদের দেশের মধ্যকার দীর্ঘদিনের নিবিড় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে, তাদের দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তারা নিজেদের দেশের বাসিন্দা হিসেবে গণ্য করেন।

তারা বাংলাদেশি অভিবাসীদের কঠোর পরিশ্রমী, আইনমান্যকারী ও দায়িত্বশীল হিসেবে অভিহিত করেন এবং দেশগুলোর অর্থনীতিতে বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে দুইজন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং সাতজনের আহত হওয়ার ঘটনায় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।

তারা সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশে সংঘটিত বিনা উসকানির আক্রমণকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতে প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংহতি প্রকাশের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীরা বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর