চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে, কোনো ধরনের পেছনের দরজা বা কারও অনুকম্পার মাধ্যমে নয়। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই জনগণের সরাসরি সমর্থন ও ভোটের মাধ্যমেই এসেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ধনিওয়ালা পাড়া চাঁদমহল টাওয়ারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খানের উদ্যোগে আয়োজিত অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৪০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল সহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘আমি দীর্ঘ ১৬ বছর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি সবসময় জনগণের পাশে ছিলাম।’ গত ১৬ মাস ধরেও তিনি নগরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মেয়র বলেন, ‘১২ তারিখের নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সবদলের এজেন্ট উপস্থিত ছিলেন। কোথাও ভোটারদের বাধা দেওয়া হয়নি বা কোনো দলের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘ভোট গণনা শেষে প্রিজাইডিং কর্মকর্তারা সই করা ফলাফলপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন। যদি কোনো প্রার্থীর ফলাফল নিয়ে আপত্তি থাকে, তাহলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।’ তিনি উল্লেখ করেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তিনিও নির্বাচনের মাধ্যমে মেয়র পদে আসীন হয়েছেন।’
ডা. শাহাদাত, ‘নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা সত্য মিথ্যা ভালোভাবেই বুঝতে পারে।’ অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও জনগণ বিএনপির পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রতিনিধিদের জন্য সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় বিলাসিতা পরিহার, সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব প্রদান।’
উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মো. খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহীম, আব্দুল মান্নান, শেখ মনির বাবুল, আমির উদ্দিন বাবুল, রফিকুল আলম, যুবদল নেতা মুরাদ উদ্দিন, মো. রনি, আবদুল আজিজ, আবদুল বারেক, আবদুল মান্নান, মো. বক্কর প্রমুখ।