Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘাত নয়, দেশ রক্ষায় ঐক্যের পথে সমঝোতার প্রস্তাব এবি পার্টির

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৮:৪২ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৫

ঢাকা: নতুন করে কোনো সংঘাত বা লড়াই নয়, বরং দেশ রক্ষায় রাজনৈতিক সমঝোতা ও ঐক্যের পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু।

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই প্রস্তাব দেন।

মঞ্জু বলেন, ‘জুলাই সনদ প্রস্তুতিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তারা সম্মিলিতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একটি সমঝোতার প্রস্তাব দিতে পারেন। রাজনৈতিক অমীমাংসিত বিষয়গুলোকে আদালতে নিয়ে যাওয়ার পরিবর্তে আলোচনার মাধ্যমেই সমাধান খোঁজা উচিত।’

বিজ্ঞাপন

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সবাই ক্লান্ত, নতুন করে আর লড়াই চাই না। আমরা একই সঙ্গে রাজপথে ছিলাম, একই হ্যান্ডকাফ ভাগাভাগি করে হাতে পরেছি। আমাদের রক্ত ও ত্যাগের স্মৃতি একে অপরের সঙ্গে মিশে আছে। তাই নিজেদের মধ্যে বিভেদ না করে বাংলাদেশকে বাঁচাতে আমাদের এক হতে হবে।’

নাগরিকরা রাজনীতিতে কথা ও কাজের মিল চায় উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে বিএনপির কোনো ক্ষতি হবে না। বরং এই সনদের প্রতিটি ধারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের নতুন পথ দেখাবে। অতীতের সব ভুল ও ব্যর্থতাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে মুজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আপনারা এই সমঝোতা প্রস্তাবটি গ্রহণ করুন। আমরা একটি নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারি। যদি তারা এই প্রস্তাব গ্রহণ না করেন এবং সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু না করেন, তবে সেই বিভেদের দায় জনতার আদালতে গিয়ে পড়বে।’

তিনি বিশ্বাস করেন, জুলাই সনদ কোনো দলকে দুর্বল করার জন্য নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার একটি অনন্য দলিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর