Monday 23 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কথা বলতে পারছেন মির্জা আব্বাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ০০:০৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ০০:৪০

মির্জা আব্বাস।

ঢাকা: সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি নেতা মির্জা আব্বাস ধীরে ধীরে কথা বলতে পারছেন, যা তার শারীরিক অবস্থার উন্নতির ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

সোমবার (২৩ মার্চ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, বর্তমানে মির্জা আব্বাস-এর শরীরের বিভিন্ন প্যারামিটার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে এবং তার অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকদের মতে, মস্তিষ্কসংক্রান্ত জটিলতার কারণে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে।

বিজ্ঞাপন

এদিকে তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসান, যা একটি ভালো লক্ষণ। তিনি এখন ধীরে ধীরে কথা বলতে পারছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাস-কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ মার্চ তার মস্তিষ্কে প্রায় চার ঘণ্টার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বর্তমানে তার সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস হাসপাতালে তার পাশে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর