ঢাকা: নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনগণের অধিকারের সঙ্গে যারা ছিনিমিনি খেলবে তাদের সঙ্গে বিরোধী দল কোনো আপস করবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা সরকারের সফলতা চাই। কিন্তু সরকার উলটো পথে হাটলে করার কিছু নেই।
তিনি বলেন, সরকার ভালো কাজ করলে সহযোগিতা করবে বিরোধী দল, আর মন্দ কিছু করলে তাদের লাগাম ধরে টান দেওয়া হবে। জনগণের অধিকারের সঙ্গে যারা ছিনিমিনি খেলবে তাদের সঙ্গে বিরোধী দল কোনো আপস করবে না।
তিনি সরকারকে সংকীর্ণতা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে সবাইকে নিয়ে বসুন। সিদ্ধান্ত আপনারাই নিন, তবে সবার কথা শুনুন। সংস্কারের পথে হাটুন। সংসদে সংস্কারের বিষয়ে সমাধান না হলে রাজপথ বেছে নেবে বিরোধী দল।
ডা. শফিকুর রহমান বলেন, যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে ১৪০০ শহিদকে অপমান করা হবে, শহিদ হাদিকে, আবরার ফাহাদকে ও ফেলানীকে অপমান করা হবে। সংসদে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জনগণ অন্য কিছু গ্রহণ করবে না।
শফিকুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের পক্ষ থেকে ইরানের ওপর হামলা শুরু হওয়ার পর বাংলাদেশসহ পুরো বিশ্ব যুদ্ধের প্রভাবে সমস্যায় পড়েছে। আমাদের দেশে পেট্রোল সংকটের সম্মুখীন হচ্ছি এবং এর নেতিবাচক প্রভাব অর্থনীতিতেও পড়বে।
উপসাগরীয় দেশগুলোর ওপর হামলার সংকট মোকাবেলার উপায় খুঁজে বের করতে তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, দেশে গাড়ি ও যানবাহন চালানোর জন্য জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে এবং মানুষ তাদের যানবাহন চালাতে দুর্ভোগ পোহাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় তিনি অবিলম্বে সংসদের বাইরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন ও মেজর (অব.) আখতারুজ্জামান।
আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, সহকারী সেক্রেটারি কামাল হোসাইন এমপি, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর বিক্রম প্রমুখ।