Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবিদ্বার-চান্দিনা সড়ককে হাইওয়ে করার দাবি হাসনাত আবদুল্লাহর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২৩:৪৫

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

ঢাকা: কুমিল্লার দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত সড়কটিকে প্রশস্ত করে হাইওয়েতে রূপান্তরের দাবি জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১) নোটিশের ওপর আলোচনাকালে তিনি এই দাবি উত্থাপন করেন।

হাসনাত আবদুল্লাহ জানান, দেবিদ্বারের ১ লাখ ৭২ হাজার মানুষের আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে তিনি সংসদে এসেছেন এবং তাদের প্রাণের দাবি তুলে ধরা তার দায়িত্ব। তিনি উল্লেখ করেন, দেবিদ্বার থেকে চান্দিনা পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২ লাখ মানুষ যাতায়াত করেন, অথচ জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি মাত্র ১২ ফুট প্রশস্ত। এর ফলে দুটি সিএনজিচালিত অটোরিকশা একসঙ্গে পার হতে গিয়েও প্রতিনিয়ত প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সংসদ সদস্য তার বক্তব্যে সড়কের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, ওই এলাকার ১১টি ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তাটি প্রশস্ত করা সম্ভব হলে সেখানে শিল্পকারখানা ও কোল্ড স্টোরেজ স্থাপনসহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যেহেতু সড়কটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের সঙ্গে সংযুক্ত, তাই এটি হাইওয়েতে উন্নীত হলে ঢাকা থেকে সিলেটের যাতায়াত দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার কমে আসবে। সার্বিক জনদুর্ভোগ লাঘব ও অর্থনৈতিক সমৃদ্ধির কথা বিবেচনায় নিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। বক্তব্যের একপর্যায়ে স্পিকারের উদ্দেশে তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, নিয়মের বেড়াজালে কখনো কখনো সংসদ সদস্যদের আটকে দেওয়া হয়, যা অনেকটা রোলারের মতো কাজ করে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, জনস্বার্থ সংশ্লিষ্ট এই দাবিগুলো যেন কোনো সাংবিধানিক বা প্রশাসনিক মারপ্যাঁচে আটকে না থাকে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর