ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শুক্রবার (১০ এপ্রিল) গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অংশ হিসেবে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি সরকারকে সতর্ক করে বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি। সুতরাং গণভোটের রায় অমান্যকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেছে। কিন্তু সরকার সেই গণরায় উপেক্ষা করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। সংবিধান সংস্কার ছাড়া রাষ্ট্রব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসান জালালী এবং বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।