ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর গুলশান বিএনপি কার্যালয়ে এই সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে জানিয়েছেন , ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে যারা প্রার্থী হতে চান, তাদের মধ্য থেকে যোগ্যদের বাছাই করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থেকে প্রার্থীদের যোগ্যতা ও সাংগঠনিক কর্মকাণ্ড মূল্যায়ন করবেন।
বিএনপি মিডিয়ার সেলের সূত্র থেকে জানা গেছে , সাক্ষাৎকারের জন্য বিভাগীয় ভিত্তিতে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী আজ শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরবর্তী দিন অর্থাৎ আগামীকাল শনিবার একই সময়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। যারা ইতিমধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মূলত দুই দিনে সকল সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে দলীয় প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন করবে বিএনপি।