সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। এবার তিনি সংরক্ষিত নারী আসন থেকেও মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তবে ঘোষিত এই তালিকায় ঠাঁই পাননি জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সরাসরি নির্বাচনে বঞ্চিত হলেও সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত নারী আসন থেকে কনকচাঁপা মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ছিল তার কর্মী-সমর্থকদের।
উল্লেখ্য, কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য।
এর আগে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কনকচাঁপা। ওই নির্বাচনে প্রভাবশালী রাজনীতিবিদ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক প্রয়াত মোহাম্মদ নাসিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এতে কনকচাঁপা পেয়েছিলেন মাত্র ১ হাজার ৭২ ভোট। বিজয়ী প্রার্থী মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট। এরপর ২০২০ সালে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনেও দলের মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কনকচাঁপা। বর্তমান এমপি সেলিম রেজাকে মনোনয়ন দেওয়া হয়। উপ-নির্বাচনে মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শাকিল জয় নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন।