Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত আসনে চট্টগ্রামের শাকিলার মনোনয়ন চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২০:৪৫

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের ব্যারিস্টার শাকিলা ফারজানার নাম চূড়ান্ত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন বিএনপি নেতৃত্বাধীন জোট। সেই তালিকায় চট্টগ্রাম থেকে ব্যারিস্টার শাকিলা ফারজানার নাম রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ ৩৫ সদস্যের এই প্রার্থী তালিকা প্রকাশ করেন।

শাকিলা ফারজানা চট্টগ্রাম থেকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত হয়েছেন। তিনি দলের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পেশায় আইনজীবী শাকিলা ফারজানা সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।

বিজ্ঞাপন

বিগত সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। ২০১৫ সালে জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে অর্থায়নের মিথ্যা অভিযোগে র‌্যাবের দায়ের করা মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারা ভোগ করেন।

বিএনপি শুরু থেকেই একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে আসছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে এবং অন্য আসামিদের নির্দোষ ঘোষণা করে এই মামলা থেকে খালাস দেন।

এ ছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রচারে নেমে নারীদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ করে বিএনপি প্রার্থীদের বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। ফলে তার নাম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত হওয়ার খবরে হাটহাজারী উপজেলায় দলীয় নেতাকর্মী, ভক্ত, অনুরাগী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।