ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ থানায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে এক শিবির কর্মী কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করাকে কেন্দ্র করে এদিন রাতে শাহবাগ থানায় ছাত্রদল ও শিবির কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ধাওয়া-পালটাধাওয়ায় ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরসহ সাংবাদিক সমিতির কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত শাহবাগ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।