Thursday 14 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবাধিকার ফোরামে আসিফ মাহমুদ ও ভলকার তুর্কের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২০:৩৮

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় মানবাধিকার ফোরামের শেসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম-২০২৬-এর অনুষ্ঠানে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানান, অনুষ্ঠান শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এনসিপি প্রতিনিধি দলকে সেখানে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভলকার তুর্ক বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াইয়ে তার অফিস বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

বিজ্ঞাপন

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬ এশিয়া প্যাসিফিকের শহরগুলোতে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই পোস্টে জানানো হয় । আসিফ মাহমুদ এই আন্তর্জাতিক ফোরামে মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা হবে।

এছাড়াও এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা ও প্রতিনিধি বৈঠকে তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর