ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, এমপি বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে আর কেউ স্বৈরাচার হতে পারবে না। যাদের নতুন করে স্বৈরাচার হওয়ার খায়েশ জেগেছে তারা গণভোটের রায় মেনে নিতে পারছে না। এদেশের ছাত্র-জনতা নতুন বাংলাদেশে কোনোভাবেই আর কাউকে স্বৈরাচার হয়ে উঠতে দেবে না।
শুক্রবার (১৫ মে) দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষাশিবিরের প্রধান আলোচক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি বলেন, জামায়াতে ইসলামীর ওপর যেই টর্নেডো গেছে সেই টর্নেডো মোকাবেলা করে জনগণের হৃদয়ে আজ জামায়াতে ইসলামী স্থান করে নিয়েছে। এই জন্য জামায়াতে ইসলামীকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দলের শীর্ষ নেতাদেরকে জীবন দিতে হয়েছে। অসংখ্য নেতাকর্মী খুন,গুম, হামলা-মামলা, জেল-জুলম, নির্যাতনের শিকার হতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসের এক বিরাট সাক্ষী যারা জামায়াতে ইসলামীকে নির্মূল করতে চেয়েছে তারাই নির্মূল হয়ে গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি’র পরিচালনায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবদুস সালাম।
শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান এবং মুহাম্মদ শামছুর রহমান। মহানগরীর কর্মপরিষদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সৈয়দ জয়নুল আবেদীন এমপি, অধ্যাপক মোকাররম হোসাইন খান, অ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন, মাওলানা ফরিদুল ইসলাম, ডা. আতিয়ার রহমান, অধ্যাপক নুর নবী মানিক, মাওলানা মোশাররফ হোসেন, আব্দুস সালাম, ড. মোবারক হোসেন, আবদুর রহমান, আমিনুল ইসলাম, সৈয়দ সিরাজুল হক, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান ও শরিফুল ইসলাম প্রমুখ।