ঢাকা: সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে বাবা-মা হারানো অসহায় দুই শিশু ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহানের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মাত্র ৪ মাস আগে মাকে হারিয়ে বর্তমানে তারা বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সঙ্গে চরম কষ্টে দিনাতিপাত করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং তারা জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করছে। নানীর অন্যের বাড়িতে কাজের সামান্য টাকায় কোনো রকমে তাদের এতিম জীবন চলছে।
গণমাধ্যমে এমন একটি হৃদয়বিদারক প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি শিশু দু’টির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার দুপুরে (১৫ মে ২০২৬) ‘আমরা বিএনপি পরিবার’এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে ও সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমের উপস্থিতিতে একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের একডালা গ্রামের বাড়ি পরিদর্শন করে। এসময় প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গভীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
‘আমরা বিএনপি পরিবার’এর প্রতিনিধি দলটি শিশু দু’টির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার কার্যকর উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের লেখাপড়া পুনরায় চালু করার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ ‘মাসিক শিক্ষা বৃত্তি’ও ঘোষণা করা হয়।
প্রতিনিধি দলের নেতারা এ সময় বলেন, জরাজীর্ণ ঘরে কষ্টে থাকা এতিম দুই শিশুর নিরাপদ আবাসন ও সব ধরনের মৌলিক চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে অসহায় মানুষের দুঃখ-কষ্টের খবর পেলে ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।