Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি নাগরিক ঐক্যের

সারাবাংলা ডেস্ক
২১ মে ২০২৬ ২১:৩৭

নাগরিক ঐক্য। ফাইল ছবি

ঢাকা: দেশের ঘটমান শিশু ধর্ষণ ও হত্যা নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক ঐক্যের এই দুই নেতা এমন দাবি জানান।

বিবৃতিতে নাগরিক ঐক্যের নেতারা বলেন, দেশে সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ভয়াবহ ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। গত ৬ মে সিলেটে ৪ বছরের শিশু ফাহিমাকে ধর্ষণ চেষ্টার পর হত্যা, দু’দিন পর ডোবা থেকে মরদেহ উদ্ধার। ১৩ মে ঠাকুরগাঁওয়ে ৪ বছরের শিশু লামিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা। ১৬ মে মুন্সিগঞ্জে ১০ বছরের শিশু আছিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা। ১৯ মে ঢাকার মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা। এ ছাড়া রামপুরায় একটি মাদরাসা থেকে ১০ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একের পর এক নিষ্পাপ শিশুর ওপর পাশবিক নির্যাতন আমাদের সমাজ-রাষ্ট্র ও মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে।

বিজ্ঞাপন

নাগরিক ঐক্য মনে করে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু বারবার ঘটে যাওয়া এসব নির্মম ঘটনা প্রমাণ করে—অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার, সামাজিক প্রতিরোধ এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থায় এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা স্পষ্টভাবে বলতে চাই- শিশু ধর্ষণ মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এই অপরাধের সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে সরকারের প্রতি নাগরিক ঐক্য কিছু দাবি জানায়। দাবিগুলো হলো- শিশু ধর্ষণ ও নির্যাতনের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে; প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ ও সামাজিক পরিবেশে শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে; সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে; ভুক্তভোগী শিশু ও তাদের পরিবারের জন্য মানসিক, চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ে রক্ষা করার সংস্কৃতি বন্ধ করতে হবে।

দেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের এই দুই নেতা বলেন, ‘শুদের নিরাপত্তা নিশ্চিতে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন। শিশুরা নিরাপদ না হলে রাষ্ট্র কখনো নিরাপদ হতে পারে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর