ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিলেও তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। একটি গোষ্ঠী গোপনে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলরে চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জনগণ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়ী করার পর থেকে আমরা বিভিন্ন জনকল্যাণমূলক কাজ শুরু করেছি। আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ, পোশাক ও খাবার এবং মসজিদের ইমামদের জন্য ভাতার ব্যবস্থা করেছি। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে একটি গোষ্ঠীর গাত্রদাহ শুরু হয়েছে। তারা বিএনপির এই উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে চায়।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন ঘটনা ঘটলেও এই গোষ্ঠীটির কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। কারণ, তাদের মূল লক্ষ্য হলো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা। বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হলে সাধারণ মানুষেরই ক্ষতি হবে। তাই ষড়যন্ত্রকারীদের আপনারা প্রতিহত করবেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার কর্মমুখী শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সারা দেশে ভোকেশনাল শিক্ষাকে উৎসাহিত করা হচ্ছে, যাতে আগামী প্রজন্ম দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে উঠতে পারে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ও প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন উপস্থিত ছিলেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।