রাজবাড়ী: সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, জামায়াতে ইসলামীর ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা এখনো সক্রিয় রয়েছে। গত নির্বাচনে জামায়াতে ইসলামী টাকা-পয়সা ছিটিয়ে কী করেছে, আপনারা সবাই জানেন।
শনিবার (৩০ মে) বিকেলে বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবার দেখানো পথ অনুসরণ করছেন। নির্বাচনের আগে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান এবং খাল খনন কর্মসূচি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী বাস্তবায়ন করেছেন।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী যেমন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তেমনি আমাদেরও দেশের জন্য অনেক কাজ করতে হবে। অতীতে আমাদের যা হয়েছে, সেগুলোর দিকে না তাকিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দল ক্ষমতায় বলে ঘরে বসে বসে স্বপ্ন দেখলে হবে না। আমাদের গ্রামে ছুটে যেতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সব ভেদাভেদ ভুলে এক হয়ে দলবদ্ধভাবে সকলের পাশে দাঁড়ান আপনারা। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে কাজ করেন।’
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘আমাদের এলাকায় মাদকের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চারদিকে মাদকে ভরে গেছে। এই মাদককে নির্মূল করতে হবে। কারা মাদক বিক্রি করে, কারা মাদক খায়- তাদের খুঁজে বের করতে হবে। তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে।’
জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম, যুবদল নেতা মনিরুজ্জামান মনির, কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু ও সদস্য এ মজিদ বিশ্বাস। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।