ঢাকা: পবিত্র আশুরা উপলক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আশুরা একদিকে যেমন বেদনাবিধুর ইতিহাসের স্মারক, অন্যদিকে অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অনিঃশেষ প্রেরণা।
শুক্রবার (২৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ১০ মহররমে হজরত হোসাইন এবং তার পরিবার-পরিজনের আত্মত্যাগ মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। এ দিন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সব ধরনের অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করার আহ্বান জানান তিনি।
পীর সাহেব চরমোনাই বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমানের অংশ। তবে ইতিহাস চর্চা বা অন্য কোনো কারণে আহলে বাইতের প্রতি অশ্রদ্ধা প্রকাশ যেমন অনুচিত, তেমনি ভালোবাসার প্রকাশে বাড়াবাড়ি করা, শরিয়তের সীমারেখা অতিক্রম করা এবং হজরত মুয়াবিয়াসহ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কটূক্তি করাও গ্রহণযোগ্য নয়। ইসলাম ভারসাম্যপূর্ণ ও ন্যায়ভিত্তিক আচরণের শিক্ষা দেয় বলে তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, কারবালার ঘটনার আগ থেকেই ইসলামে আশুরার বিশেষ গুরুত্ব রয়েছে। মুহাম্মদ (সা.) আশুরার দিনকে তাৎপর্যময় হিসেবে উল্লেখ করেছেন এবং এ দিনের রোজার বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। তাই আশুরার দুই দিনের রোজা পালন এবং সুন্নাহসম্মত তাসবিহ-তাহলিলে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।