Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন আজ

স্টাফ করেসপন্ডেন্ট
১২ মে ২০২৫ ০৯:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। এ সংক্রান্ত প্রতিবেদন আজ (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।

সোমবার (১২ মে) বিষয়টি নিয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবে প্রসিকিউশন। বাকি দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

গত ৯ মে এক ফেসবুক পোস্টে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সোমবার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ