Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সরকারের মধ্যে সরকার থাকলে কাজ করা সম্ভব না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৫:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারের মধ্যে সরকার থাকলে সুষ্ঠুভাবে কাজ সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন আন্দোলনে, সচিবালয় উত্তাল কেন, ইশরাকের সমর্থকরা কেন রাস্তায় বসে আছেন? এসবের উত্তর দিতে হবে। সরকারের মধ্যে সরকার যদি থাকে, তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।’’

তিনি বলেন, ‘‘বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিপক্ষ নয়, হতেও চায় না। সমালোচনা করতেও চায় না। কিন্তু, জনগণ সমালোচনা শুরু করেছে। কারণ, গত ৯ মাসেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে পারেনি এ সরকার। বিদ্যুৎখাত, শিল্পখাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি করতে পারেনি তারা।’’

বিজ্ঞাপন

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘১৭ বছরে শেখ হাসিনা মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে ও পুলিশকে ব্যবহার করেছে। এছাড়া বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। এসব অন্যায়ের বিচার আমরা চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারলে এটিই হবে আমাদের অন্যতম দায়িত্ব। সংস্কারও আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। আমাদের নেতা তারেক রহমান দুই বছর আগেই ৩১ দফা ঘোষণা করেছেন।’’

তিনি বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান মানুষের ভোট নিয়ে, মৃত ব্যক্তি বা হুন্ডা-গুন্ডার ভোটে তিনি ক্ষমতায় যেতে চান না। আমরা অত্রি দ্রুত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে, সে ক্ষমতায় যাবে। তবে, আমরা আশাবাদী জনগণের দল হিসেবে ভোটাররা বিএনপিকেই বেছে নেবে।’’

সারাবাংলা/এজেড/এমপি
বিজ্ঞাপন

আরো