Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মনকে (১৬) হত্যার দায়ে মো. কাওছার মিয়া (১৮) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

কোর্ট পরিদর্শক-২ নুরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত মো. কাওছার মিয়ার বাড়ি বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামে। নিহত মুক্তি রানী বর্মন প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল চন্দ্র বর্মণের মেয়ে। সে প্রেমনগর ছালিপুরা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, মুক্তি রানী বর্মনকে কাওছার মিয়া প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ২০২৩ সালের ২ মে বিদ্যালয় ছুটির পর কংস নদীর পাড়ে ওঁৎ পেতে থাকা কাওছার ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মুক্তিকে হত্যা করে।

এ ঘটনায় নিহত মুক্তির বাবা নিখিল চন্দ্র বর্মন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ বিচারক রায় দেন। রায় ঘোষণার সময় কাওছার আদালতে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর