Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত


১ জুন ২০২৫ ১১:২৬

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: আজ দুপুরের মধ্যে দেশের অন্তত ১১টি জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (১ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সই এক সর্তকবার্তায় ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেইসঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

বিজ্ঞাপন

এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যা বেশ আর্দ্র আবহাওয়ার ইঙ্গিত দেয়। আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।