Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল’

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১১:৪১

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের রায়ের পর প্রেস ব্রিফিংয়ে আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলার মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রোববার (১ জুন) সকালে জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল বিভাগের রায়ের পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে আজ নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত। ফলে বহুদলীয় গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সংসদপ্রাপ্তি নিশ্চিত হলো। এ রায়ের পর বাংলাদেশে সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণি নির্বিশেষে সবাই নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করে জামায়াতের নেতাদের বেছে নেবে বলেও আমাদের প্রত্যাশা। এছাড়া বাংলাদেশের আগামী সংসদে ইন্টারেস্টিং ও কনস্ট্রাক্টিভ (গঠনমূলক) বিতর্ক হবে, যার মাধ্যমে ডেমোক্রেসি (গণতন্ত্র) একটি স্থায়ী রূপ পাবে।

বিজ্ঞাপন

এই আইনজীবী বলেন, হাইকোর্টের যে রায় ছিল সে রায়কে আজ বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জামায়াতের নিবন্ধন ও অন্য যেসব ইস্যু কমিশনের সামনে আসবে সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন। এর মাধ্যমে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজেদের নিবন্ধন ফিরে পেলো। প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের সামনে রেফার করা হলো ‘আদার ইস্যু’ হিসেবে।

শিশির মনির বলেন, আমরা মামলার সংক্ষিপ্ত আদেশ চেয়েছি। আগামীকালের মধ্যেই আদেশটি হাতে পাবো বলে আমরা আশাবাদী। এই আদেশ আমরা নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্রোচ করবো। ফলে আইন অনুযায়ী কমিশন দ্রুতই জামায়াতের নিবন্ধন ও প্রতীক বুঝিয়ে দেবেন বলে আমরা প্রত্যাশা করি।

এদিন সকাল ১০টা ৫ মিনিটে রাজনৈতিক দল হিসেবে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যদের আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

সারাবাংলা/আরএম/এমপি