Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাহাড়ে ‘ব্যাঙ ধরতে গিয়ে’ অপহরণের শিকার ৫ যুবক উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৫:৪৪

অপহরণের শিকার ৫ যুবক উদ্ধার।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় থেকে অপহরণের শিকার পাঁচ যুবককে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাহাড়ে ব্যাঙ ধরতে গিয়ে তারা অপহরণের শিকার হয়েছিল।

শনিবার (৩১ মে) রাতে উপজেলার লালারখিল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া পাঁচজন হলেন- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা, চসিং মারমা। তারা সবাই রাঙামাটি জেলার চন্দ্রঘোনা উপজেলার আমতলী পাড়ার বাসিন্দা।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার সারাবাংলাকে বলেন, ‘চন্দ্রঘোনার কাছাকাছি রাঙ্গুনিয়ার লালারখিল এলাকায় শুক্রবার রাতে তারা ব্যাঙ ধরতে এসেছিল। এসময় কিছু দুষ্কৃতিকারী তাদের পাহাড়ের ভেতরে নিয়ে আটকে রাখে। শনিবার সকালে তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। সেদিন রাতেই তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়েছে।’

বিজ্ঞাপন

ওসি জানান, অপহৃতদের উদ্ধারে পাহাড়ি এলাকায় নারিশ্চা রাস্তা হয়ে বরখোলা মগপাড়া থেকেমহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে পর্যন্ত অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়। গাছের সাথে বাঁধা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অহরণকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি সিফাতুল মাজদার।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ