Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারী বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, পাহাড়ে ধস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৭:১২

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বৃহস্পতিবার (২৯ মে) থেকে শুরু হওয়া ভারী বর্ষণে জনজীবন থমকে গেছে। ভারী বর্ষণে খাগড়াছড়ির চেঙ্গী, মাইনী ও ফেনী নদীসহ স্থানীয় খাল ও ছড়ার পানি বাড়তে শুরু করেছে।

রোববার (১ জুন) সকাল থেকে মাইনী নদীর পাহাড়ী ঢলে দীঘিনালার মেরুং ইউনিয়নের ১৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালা লংগদু আঞ্চলিক সড়কের ইয়ারং ছড়ি এলাকায় পাহাড় ধসে মাটি ও গাছ পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া এ সড়কের কয়েকটি নিচু স্থানে পানি উঠায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

এদিকে ভারী বর্ষণে গুইমারা উপজেলার ছড়ার পানি বেড়ে জালিয়াপাড়া নিচের বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের ঘটনা ঘটেছে জেলা সদরের শালবন, ভুয়াছড়ি, গুগড়াছড়ি সহ বিভিন্ন এলাকায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ক্রমাগত বর্ষণে বিঘ্নিত হচ্ছে বিচার কাজও। খাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনবরত পানি পড়ায় বিচারক আইনজীবী ও বিচার প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েছেন। চীফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতের বিদ্যুতের মিটারের ভিতরেও পানি প্রবেশ করে বিদুৎ সরবরাহে ব্যাঘাত ঘটেছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের জন্য আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। সেখানে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।

সারাবাংলা/এনজে