Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইসলামবিরোধী গোষ্ঠী চামড়ার দাম কমিয়ে রাখে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৯:৩৯

ঢাকা: একটি ইসলামীবিরোধী গোষ্ঠী কওমী মাদরাসা ধ্বংস করতে চামড়ার দাম কমিয়ে রাখে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।

রোববার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘‘একটি ইসলামবিরোধী গোষ্ঠী কওমী মাদরাসাকে ধ্বংসের জন্য চামড়ার দাম কমিয়ে রাখে। কওমী মাদরাসায় লাখ লাখ এতিম, গরিব ও অসহায় ছাত্ররা বিনা বেতনে ও বিনা খরচে লেখা-পড়া করে, যার অধিকাংশ ব্যয়ভার কোরবানির পশুর চামড়া থেকে নির্বাহ করা হয়। এজন্য কওমী মাদরাসাগুলো যেন ক্ষতিগ্রস্ত হয়, সেজন্য একটি গোষ্ঠী চামড়ার দাম কমিয়ে রাখে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘দেশে সব পণ্যের দাম বাড়ছে পাল্লা দিয়ে। কিন্তু, কোরবানীর পশুর চামড়ার দাম বাড়ছে না। বিগত ১৬ বছরে একটি গোষ্ঠী চামড়া শিল্পকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। পাট শিল্প শেষ করা হয়েছে। এখন চামড়া শিল্পকেও ধ্বংসের সকল আয়োজন সম্পন্ন করা হচ্ছে।’’

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘‘বর্তমান সরকার চামড়া শিল্পকে বাঁচানোর উদ্যোগ নিলে এ খাত থেকে হাজার হাজার কোটি টাকা আয় করা সম্ভব। বাংলাদেশের ৬০% চামড়া কোরবানি ঈদ থেকে আসে। বাকি ৪০% চামড়া সারা বছর হয়ে থাকে।’’

তিনি বলেন, ‘‘চামড়া শিল্পের সঙ্গে হাজার হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। এছাড়াও চামড়া শিল্প ছিল বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম খাত। বিগত সরকারের অবহেলায় এ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে। চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য অন্তর্বর্তী সরকারকে সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু কোরবানি উপলক্ষ্যে ঋণ দিলেই চামড়া শিল্পকে রক্ষা করা যাবে না। ট্যানারি এলাকাকে পরিবেশ বান্ধব করতে হবে। বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার পরিবেশ তৈরি করতে হবে।’’

সারাবাংলা/এজেড/এসআর